বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বশেষ আসরের স্পট ফিক্সিং নিয়ে তদন্ত প্রতিবেদন এখনো বিসিবির কাছে জমা দেয়নি স্বাধীন তদন্ত কমিটি। তবে একটি গণমাধ্যম সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনের চুম্বক অংশ প্রকাশ করেছে, যাতে উঠে এসেছে একাধিক ফ্র্যাঞ্চাইজির ফিক্সিংয়ে জড়িত থাকার কথা। আছে চিত্রনায়ক শাকিব খানের দল ‘ঢাকা ক্যাপিটালস’ও। এই প্রতিবেদনের বিষয়ে এবার নিজেদের অবস্থান ব্যক্ত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
আজ মঙ্গলবার ঢাকা ক্যাপিটালসের অফিসিয়াল ফেসবুক পেইজে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সম্প্রতি একটি জাতীয় দৈনিকে (প্রথম আলো) প্রকাশিত প্রতিবেদনে বিপিএল তদন্ত সংক্রান্ত খবরে কথিত স্পট ফিক্সিংয়ে ঢাকা ক্যাপিটালসসহ আরও দুইটি ফ্র্যাঞ্চাইজির সম্পৃক্ততার বিষয়টি “নিশ্চিত” বলা হলেও, একই প্রতিবেদনের পরবর্তী লাইনে উল্লেখ করা হয়েছে যে অধিকতর তদন্তে পুরোপুরি নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত তাদের ফ্র্যাঞ্চাইজি না দেয়ার সুপারিশ থাকবে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘আমাদের কাছে এটি স্পষ্ট যে, অভিযোগটি এখনও প্রমাণিত নয়। শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে এ ধরনের প্রতিবেদন প্রকাশ করে কোনো ফ্র্যাঞ্চাইজিকে মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা দায়িত্বশীল সাংবাদিকতার পরিপন্থী। বিসিবি'র স্বাধীন তদন্ত কমিটির সঙ্গে আমরা শুরু থেকেই ঘনিষ্ঠভাবে যোগাযোগ রাখছি এবং তারা যখন যে তথ্য চেয়েছেন, আমরা সবসময় তা সরবরাহ করেছি। তদন্ত প্রক্রিয়ায় আমরা পূর্ণ সহযোগিতা করছি এবং ভবিষ্যতেও করব।’
বিপিএলের গত আসরের লিগ পর্বে ১২ ম্যাচের মধ্যে ৯টিতেই হেরে যাওয়া ঢাকা ক্যাপিটালস দাবি করেছে, ‘আমরা ইনকোয়ারি কমিটিকে স্পষ্টভাবে জানিয়েছি যে, যদি কোনো খেলোয়াড় বা স্টাফের বিরুদ্ধে দোষ প্রমাণিত হয়, তবে আমরা নিজেরাই সর্বোচ্চ কঠোর ব্যবস্থা গ্রহণ করব। কিন্তু প্রমাণ ছাড়া সরাসরি ম্যানেজমেন্টের ওপর দায় চাপানো আমাদের এবং আমাদের পার্টনারদের জন্য গভীরভাবে সম্মানহানিকর।’
বিবৃতির শেষে লেখা হয়েছে, ‘স্পট ফিক্সিং যেহেতু ব্যক্তি পর্যায়ের বিষয়, কোনো ক্রিকেটার এর সাথে জড়িত কিনা সে বিষয়ে আমাদের পূর্ব থেকে অবগত থাকার সুযোগ নেই। ঢাকা ক্যাপিটালস অতীতেও দেশের ক্রিকেট উন্নয়নে কাজ করেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে। আমরা সততা, স্বচ্ছতা এবং ফেয়ার প্লেতে বিশ্বাসী। তরুণ ও প্রতিভাবান ক্রিকেটারদের বিকাশে আমরা সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। ইনশাআল্লাহ, একদিন আমরা আমাদের সমর্থকদের বিপিএল শিরোপার আনন্দ উপহার দেবো।’