আন্তর্জাতিক মানের নির্বাচন আয়োজনে ৪ মিলিয়ন ইউরো দিবে ইইউ

বাংলাদেশে আন্তর্জাতিক মানের নির্বাচন আয়োজনের লক্ষ্যে ৪ মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। 

মঙ্গলবার (১৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার।

এর আগে সকাল ১১টায় ইইউর ছয় সদস্যের একটি প্রতিনিধি দল সিইসির সঙ্গে বৈঠক করে। এ সময় ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে একটি প্রকল্প নিয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, আগামী মাসে ইইউ- এর পক্ষ থেকে প্রাক-নির্বাচনী পর্যবেক্ষকদের একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসবে।

রাষ্ট্রদূত মাইকেল মিলার জানান, আন্তর্জাতিক মানের নির্বাচন সম্পন্ন করতে ইসিকে ৪ মিলিয়ন ইউরো সহায়তার আশ্বাস দিয়েছে ইইউ। তিনি আরও বলেন যে নির্বাচন পর্যবেক্ষণে ইইউ'র অগ্রাধিকার রয়েছে এবং তারা গণতান্ত্রিক নির্বাচনের জন্য সবসময় সহায়তা করবে। তিনি প্রত্যাশা করেন, আসন্ন নির্বাচন আন্তর্জাতিক মানের ও সুষ্ঠু হবে। 

মাইকেল মিলার জানান, আগামী মাসেই ইইউ'র বিশেষজ্ঞ পর্যবেক্ষক দল বাংলাদেশে আসবে।

বৈঠকের আগে ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন যে, এই বৈঠকে নির্বাচনী প্রস্তুতি, কমিশনের পরিকল্পনা এবং সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। ইইউ'র প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে আসার কথা রয়েছে।