ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার মিরাশানি এলাকায় আশ্রয়ণ প্রকল্পের একটি ঘর থেকে ৫০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৯ এর সদস্যরা।
গ্রেপ্তার মো. নাছির মিয়া (৫০) উপজেলার সিংগারবিল ইউনিয়নের মিরাশানি গ্রামের খালেক মিয়ার ছেলে।
মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে র্যাব-৯, সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সিংগারবিল ইউপির মিরাশানি এলাকার আশ্রয়ণ প্রকল্পে অভিযান পরিচালনা করা হয়। পরে আশ্রয়ণ প্রকল্পে থাকা নাছির মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে তার টিনসেড ঘর তল্লাশি করে খাটের নিচ থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে বিজয়নগর থানায় মামলা দায়ের করা হয়েছে।