বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে প্রধান বিচারপতির কার্যালয়ে তাদের এই আলাপ হয়। সাক্ষাত্কালে তারা বিচার বিভাগের নানা বিষয়ে আলোচনা করেন।
প্রধান বিচারপতির এক বছর পূর্তি উপলক্ষে তাকে অভিনন্দন জানান ব্রিটিশ হাইকমিশনার। বিগত এক বছরে বাংলাদেশের বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বাধীনতা অর্জনে প্রধান বিচারপতির নেওয়া উদ্যোগ ও পরিকল্পনার জন্য তিনি তার প্রশংসা করেন।
এ সময় ব্রিটিশ হাইকমিশনার প্রধান বিচারপতির নেওয়া কিছু পদক্ষেপের বিশেষভাবে উল্লেখ করেন। এর মধ্যে রয়েছে বিচার বিভাগ সংস্কারের রোডম্যাপ ঘোষণা, বিচার সেবায় স্বচ্ছতা আনার জন্য ১২ দফা নির্দেশনা দেওয়া, মামলার বিবাদী পক্ষকে আইনি সহায়তা দেওয়ার জন্য সক্ষমতা যাচাই শুরু করা, সুপ্রিম জুডিসিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের মাধ্যমে উচ্চ আদালতে বিচারক নিয়োগ সংক্রান্ত আইন প্রণয়ন, বিচারপ্রার্থীদের জন্য সুপ্রীম কোর্ট হেল্পলাইন চালু এবং নিম্ন আদালতের সক্ষমতা বাড়ানোর জন্য উন্নয়নমূলক কাজগুলো। তিনি এসব পদক্ষেপকে কার্যকর ও সময়োপযোগী বলে মন্তব্য করেন।
তিনি বলেন, আগামী দিনগুলোতে দেশে সুশাসন প্রতিষ্ঠা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতির বলিষ্ঠ নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ ছাড়া, বাংলাদেশে একটি শক্তিশালী বিচার বিভাগ গঠনে যুক্তরাজ্য বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতা করবে বলেও আশ্বাস দিয়েছেন ব্রিটিশ হাইকমিশনার।