বনানীতে সিসা বারে রাব্বী হত্যায় ৪ আসামি রিমান্ডে

বনানীতে বার থেকে নামার সময় ছুরিকাঘাতে রাব্বী হত্যার ঘটনায় চার আসামিকে তিন দিনের রিমান্ড দিয়েছে আদালত। পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানা গেছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালতে এ আবেদন শুনানি হয়।

তদন্ত কর্মকর্তা বনানী থানার এসআই আমজাদ শেখ চার আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চান। রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. শামসুদ্দোহা সুমন রিমান্ডের জোর দাবি জানান। বিপরীতে আসামিপক্ষের আইনজীবীরা জামিন আবেদন করেন। 
শুনানির পর আদালত চার আসামির প্রত্যেককে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী বিষয়টি নিশ্চিত করেছে।

আসামিরা হলেন- মীর হোসেন (২২), ফজলে রাব্বি (২৪), সাব্বির আহমেদ সুমন (৩০) ও আরাফাত ইসলাম ফাহিম (২৭)।

গত বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে বনানীর ‘সিসা বারে’ (৩৬০ ডিগ্রি) ছুরিকাঘাতে হত্যা করা হয় রাহাত হোসেন রাব্বিকে। বার থেকে বেরিয়ে ভবনের সিঁড়ি দিয়ে নামার সময় তাকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে।

এ ঘটনায় গত শুক্রবার রাব্বির বাবা রবিউল আউয়াল বনানী থানায় মামলা করেন। পরে চার আসামিকে বনানী থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া এই মামলায় আরও দুইজনকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছে।