খেলার মাঠে গড়ে উঠেছে অবৈধ কাঁচাবাজার, প্রতিবাদে মানববন্ধন

দেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান রাজউক উত্তরা মডেল কলেজের সামনের ফুটপাতে চা-সিগারেটের দোকান ও রাজউকের প্লট দখল করে গড়ে উঠা কাঁচাবাজার গ্রাস করছে শিক্ষার সুষ্ঠু পরিবেশ। প্রতিষ্ঠানের প্রধান ফটকের সামনে গরু-ছাগল, হাঁস-মুরগির বর্জ্য, গোশতের দোকান ও মাছের আঁশটে দুর্গন্ধ বিঘ্নিত করছে শিক্ষার পরিবেশ।

শিক্ষার সুন্দর পরিবেশ ফিরিয়ে আনতে অচিরেই প্রতিষ্ঠানটির পাশ থেকে পরিবেশ বিনষ্টকারী এসব উপাদান অপসারণ এবং প্রশস্ত খেলার মাঠের দাবিতে আন্দোলনে নেমেছে রাজউক কলেজের শিক্ষার্থীরা।

সোমবার দুপুর ১২টায় শিক্ষার্থীরা কলেজের প্রধান ফটকের সামনের সড়কে অবস্থান নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করে। এসময় তারা অবৈধ কাঁচাবাজার ও ফুটপাত দখলমুক্ত করে বেদখল হওয়া রাজউকের প্লট কলেজের খেলার মাঠের জন্য বরাদ্দের দাবি জানায়।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, প্রতি বছর রাজউক কলেজের সেরা ফলাফল তথা শিক্ষার মান ভালো হওয়ায় দেশের সকল অঞ্চলের অভিভাবকগণ তাদের সন্তানদের এ প্রতিষ্ঠানে ভর্তির জন্য রীতিমতো প্রতিযোগিতায় অবতীর্ণ হন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, কলেজ সংলগ্ন এলাকায় বিভিন্ন পেশার ব্যবসায়ীদের সমাগম এবং চা ও সিগারেটের দোকানে উঠতি বয়সের ছেলেদের আড্ডা ও ধূমপান করতে দেখা যায়। এছাড়াও বিভিন্ন প্রকার মাদকদ্রব্য বিক্রয় করা হয় যার ফলে উঠতি বয়সের ছাত্র-ছাত্রীদের বিপদগামী হওয়ার সম্ভাবনা থাকে। অপরদিকে প্রতিষ্ঠানের বিদ্যমান খেলার মাঠটি অত্যন্ত সংকীর্ণ হওয়ায় বর্তমানে সাড়ে সাত হাজার শিক্ষার্থীর শতকরা একজনও সেখানে খেলাধুলার সুযোগ পায় না।

তারা আরও জানায়, রাজউক কলেজের অনেক মেধাবী শিক্ষার্থী বিভিন্ন খেলায় বিভাগীয় ও জাতীয় পর্যায়ে অসাধারণ কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। অথচ কলেজের পর্যাপ্ত জায়গা ও খেলার মাঠের অভাবে আন্তঃশিফট ফুটবল, ক্রিকেট, হ্যান্ডবল, বাস্কেটবল ইত্যাদি খেলার প্রতিযোগিতার আয়োজন করা সম্ভব হয় না।

এছাড়া বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা যেকোন শিক্ষা প্রতিষ্ঠানের ঐতিহ্য বহন করে এবং শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত বিষয় ও তা মানসিক বিকাশের অন্যতম মাধ্যম। কিন্তু মাঠের সংকীর্ণতার কারণে এর আয়োজন হয় স্বল্প পরিসরে। অনেক শিক্ষার্থী খেলাধুলা থেকে বঞ্চিত হয়। অনেক ক্ষেত্রে স্থানাভাবে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে অভিভাবকদের আমন্ত্রণ জানানোও সম্ভব হয় না।

আন্দোলনরত শিক্ষার্থীরা আরও জানায়, রাজউক উত্তরা মডেল কলেজ তিন দিক থেকে সুউচ্চ ভবন দ্বারা পরিবেষ্টিত। এর ওপর পশ্চিম পাশে রাজউকের বেদখল হওয়া জায়গা (কাঁচাবাজার) কমার্শিয়াল প্লট হিসেবে বরাদ্দ দেয়া হলে সেখানে সুউচ্চ বহুতল ভবন নির্মাণ হবে। ফলে আলো-বাতাসের স্বাভাবিক গতিপথ বাধাগ্রস্ত হয়ে এখানে অধ্যয়নরত বিপুল সংখ্যক শিক্ষার্থীর অক্সিজেন স্বল্পতা দেখা দিতে পারে। এছাড়াও প্রচুর যানজট সৃষ্টি হবে যা শিক্ষার সুষ্ঠু পরিবেশের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে।