রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

রাজধানীতে বাসের ভেতর অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে মিজানুর রহমান (৪০) নামে এক কাপড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

তার বাড়ি নোয়াখালীর চাটখিল উপজেলার বদলকোট গ্রামে। বাবার নাম মৃত আবুল খায়ের। পরিবার নিয়ে থাকেন যাত্রাবাড়ীর সাদ্দাম মার্কেট এলাকায়।

নিহতের ভাই মাইনুদ্দিন জানান, নিউমার্কেট এলাকায় কাপড়ের ব্যবসা রয়েছে তার ভাইয়ের। দুপুরে বাসা থেকে গুলিস্তান যাচ্ছিলেন ব্যবসায়ী কোন একটি কাজে। এরপর ফোনে তিনি খবর পান, গুলিস্তান অচেতন অবস্থায় পড়ে আছেন মিজানুর। তখন সেখানে গিয়ে মিজানুরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করান। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

তিনি জানান, গুলিস্তান গিয়ে তখন তারা জানতে পেরেছেন, বাসের ভেতরই চেতনানাশক কিছু প্রয়োগ করে মিজানুরের সঙ্গে থাকা টাকা পয়সা হাতিয়ে নিয়েছে।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।