খালাসের বিরুদ্ধে আপিলের ওপর শুনানি অব্যাহত

২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ আসামিদের খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের ওপর শুনানি গতকাল মঙ্গলবার তৃতীয় কার্যদিবসে শেষ হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে গঠিত আপিল বিভাগে এ শুনানি হয়। আজ বুধবার শুনানি করবেন আসামিপক্ষের আইনজীবীরা। গতকাল রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল্যাহ আল মাহমুদ মাসুদ। তিনি হাইকোর্টের দেওয়া খালাসের রায় বাতিলের আরজি জানান। আসামিপক্ষে শুনানি শুরু করেন জ্যেষ্ঠ আইনজীবী এসএম শাহজাহান। এর আগে গত ২৮ মে খালাসের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি পায় রাষ্ট্রপক্ষ। পরে ১৭ জুলাই রাষ্ট্রপক্ষ শুনানি শুরু করে। ৩১ জুলাই দ্বিতীয় কর্মদিবসে শুনানি হয়।

২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় দলটির ২৪ জন নেতাকর্মী মারা যান। ২০১৮ সালের ১০ অক্টোবর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এক রায়ে হত্যা ও বিস্ফোরক আইনে বিএনপি-জামায়াত জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদ-  দেয়।