এমবাপ্পের গোলে জয় দিয়ে নতুন মৌসুম শুরু রিয়ালের

জয় দিয়ে লা লিগার নতুন মৌসুম শুরু করল রিয়াল মাদ্রিদ। গতকাল মঙ্গলবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে ওসাসুনাকে ১-০ গোলে হারিয়ে শিরোপা পুনরুদ্ধারের অভিযানে দারুণ সূচনা করেছে জাবি আলোনসোর শিষ্যরা। ম্যাচে ৭০ শতাংশ সময় বল দখলে রেখে ১৮টি শট নিয়েছে রিয়াল, যার পাঁচটি ছিল লক্ষ্যে। তবে ওসাসুনার দুই শটের একটিও টার্গেটে ছিল না।

পুরো ম্যাচ জুড়ে আধিপত্য বিস্তার করে খেলেছে ইউরোপের সর্বোচ্চ সফল ক্লাবটি। বিপরীতে ওসাসুনা শুরু থেকেই রক্ষণাত্মক কৌশল বেছে নেয়। ডি-বক্সের বাইরে ছয়জন এবং সামনে চারজন নিয়ে রক্ষণ সাজায় তারা। তবে তাতে খুব একটা লাভ হয়নি। একের পর এক আক্রমণ গড়তে থাকে রিয়াল। যদিও প্রথমার্ধে গোলের দেখা পায়নি স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের একমাত্র গোল করেন কিলিয়ান এমবাপ্পে। ৫১তম মিনিটে ফরাসি ফরোয়ার্ডকে ডি-বক্সে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে সহজেই জালে পাঠান এমবাপ্পে। গত মৌসুমের সর্বোচ্চ গোলদাতা নতুন মৌসুমের প্রথম ম্যাচেই গোলের দেখা পেলেন। এ নিয়ে লা লিগায় টানা ১৭ ম্যাচে গোল করল রিয়াল।

এরপরও একাধিক সুযোগ তৈরি করেছিল রিয়াল। কিন্তু গোলের ব্যবধান আর বাড়াতে পারেনি। শেষ সময়ে সমতায় ফেরার দারুণ সুযোগ পেয়েছিল ওসাসুনার আন্তে বুদেমির। তবে তার হেড ক্রসবার ছুঁয়ে বাইরে চলে যায়। যোগ করা সময়ে ওসাসুনার আবেল ব্রেতোনেস লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। শেষ পর্যন্ত বল দখলে রেখে জয় নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ।