ঠাকুরগাঁওয়ে ৩০০ বস্তা সারসহ ট্রাক আটক

ঠাকুরগাঁওয়ে মধ্যরাতে ৩শ বস্তা সারসহ একটি ট্রাক আটক করে স্থানীয়রা। পরে পুলিশ খবর পেয়ে সারসহ ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায়।

মঙ্গলবার (১৯ আগস্ট) রাত দেড়টার দিকে সদর উপজেলার রায়পুর ইউনিয়নের দেহন ময়দান বাজারে ট্রাকটি আটক করা হয়। 

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে ঠাকুরগাঁও জেলা শহর থেকে সার বোঝাই একটি ট্রাক ওই ইউনিয়নে দেহন ময়দান বাজারে পৌঁছালে স্থানীয়দের সন্দেহ হয়। পরবর্তীতে ট্রাকটিতে সার দেখতে পেয়ে চালান দেখতে চাইলে ড্রাইভার ও হেলপার পালিয়ে যান। এরপর খবর পেয়ে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা কৃষি অফিসার মধ্যরাতে ঘটনাস্থলে এসে সারসহ ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে সদর উপজেলা কৃষি কর্মকর্তা নাসিরুল আলম বলেন, ট্রাকসহ ৩০০ বস্তা সার জব্দ করা হয়েছে। 

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার আলম বলেন, অবৈধভাবে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী সারসহ ট্রাকটিকে আটক করেছে। পরে থানায় খবর দিলে আমরা এসে ট্রাকটি জব্দ করেছি। ট্রাক ড্রাইভার ও হেলপারকে আটক করা সম্ভব হয়নি তারা আগেই পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।