ব্যবসায়ী ইশতিয়াক মাহমুদকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে। একই মামলায় গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণকে তিন দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (২০ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম. মিজবাহ উর রহমানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
শুনানির আগে মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক মো. নাজমুল সাকীব কিরণের সাত দিনের রিমান্ড এবং আতিকুলকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
আসামিপক্ষের আইনজীবী মোরশেদ আলম শাহীন রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষে আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন রিমান্ড ও গ্রেপ্তারের আবেদনের পক্ষে যুক্তি উপস্থাপন করেন।
দুপক্ষের যুক্তিতর্ক শেষে আদালত কিরণকে তিন দিনের রিমান্ডে পাঠান এবং আতিকুল ইসলামকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত বছরের ১৮ জুলাই ব্যবসায়ী ইশতিয়াক মাহমুদসহ কয়েকজন কর্মসূচিতে অংশ নেন। সেদিন আসামি তাপস ও অন্যরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দাঙ্গা–হাঙ্গামা সৃষ্টি করে এবং হত্যার উদ্দেশ্যে হামলা, মারধর ও গুলিবর্ষণ চালায়। হামলায় ইশতিয়াকের পেটে গুলি লাগে। পরবর্তীতে গত বছরের ২৯ অক্টোবর ইশতিয়াক মাহমুদ বাদী হয়ে উত্তরা পূর্ব থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।