ক্ষোভ ঝাড়লেন প্রভা

বিতর্কিত মডেল অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা ব্যক্তিগত জীবনের নানা উত্থান-পতনের পরও নিজেকে হাসি-খুশি রাখার চেষ্টা করে যাচ্ছেন প্রতিনিয়ত। শুধু পর্দাতেই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও সমানভাবে সরব তিনি। বেশ কয়েক বছর ধরেই যুক্তরাষ্ট্রে বসবাস শুরু করেছেন প্রভা। 

এবার বিতর্কিত এক ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন এই অভিনেত্রী। মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে একটি ভিডিও বার্তায় প্রভা অভিযোগ করেন, ‘ট্রাভেল ট্রাকারস’ নামের একটি এজেন্সি অনুমতি ছাড়াই তার ব্যক্তিগত ছবি ও ভিডিও ব্যবহার করছে। এসব ছবি তারা নিজেদের বিজ্ঞাপন প্রচারের কাজে লাগাচ্ছে বলে দাবি করেন তিনি। 

প্রভা বলেন, ‘ট্রাভেল ট্রাকারসের থেকে আমি কোনো সার্ভিস নিইনি। তাদের সঙ্গে আমার কোনো সম্পর্কও নেই। ঘুরতে গেলে আমি নিজের টাকাতেই যাই। তারপরও তারা আমার ভ্রমণের ছবি ও ভিডিও ব্যবহার করে তাদের ব্র্যান্ডিং করছে। এটি একেবারেই অনৈতিক।’ 

অভিযোগের বিষয়ে ট্রাভেল ট্রাকারসের সঙ্গে যোগাযোগ করা হলে প্রতিষ্ঠানটির একজন কর্মকর্তা কবির ইসলাম বলেন, ‘আমি বিষয়টি জানি না। এটা আমাদের সোশ্যাল মিডিয়া টিমের কাজ। তারা ভালো বলতে পারবে।’