বালকদের কাছে হেরে গেলেন জ্যোতিরা

নারী ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে বিকেএসপিতে চ্যালেঞ্জ কাপ খেলছে জাতীয় নারী ক্রিকেট দল। জাতীয় দলের ক্রিকেটাররা ‘লাল’ ও ‘সবুজ’ দুভাগে বিভক্ত হয়ে গড়েছে দুটো দল। আর সেই সঙ্গে যোগ দিয়েছে ছেলেদের অনূর্ধ্ব-১৫ দল। আজ বালকদের এই দলের সঙ্গে ম্যাচ ছিল নিগার সুলতানা জ্যোতির ‘লাল’ দলের। এই ম্যাচে ছেলেদের কাছে ৮৭ রানে হেরে গেছেন নারীরা।

এদিন তিন নম্বর মাঠে আগে ব্যাটিং করে ৮ উইকেটে ১৮১ রানে পুঁজি দাড় করায় ছেলেরা। ৬৩ বলে সর্বোচ্চ ৪৬ রানের ইনিংস খেলেন ছেলেদের দলটির অধিনায়ক বায়েজিদ বোস্তামি। আফজাল হোসেন করেন ৮১ বলে ৪৪ রান। এ দুজনের ব্যাপে চড়ে ১৮১ রানের সংগ্রহ পায় ছেলেরা। আগের ম্যাচে চারটি করে উইকেট শিকার করা মারুফা আক্তার আজ পান এক উইকেট। ফাহিমা খাতুন ছিলেন উইকেটহীন। দুটি করে উইকেট নেন জান্নাতুল ফেরদৌস সুমনা ও সানজিদা আক্তার মেঘলা।

জবাবে ইশমা তানজিম ও শারমিন সুলতানা মিলে উদ্বোধনী জুটিতে তোলেন ৫০ রান। এর পর ১০ বলের ব্যবধানে তিন উইকেট হারিয়ে ফেলেন নারীরা। শূন্য রানে ফেরেন জ্যোতি। সেই চাপ আর কাটাতে পারেননি জাতীয় দলের নারীরা। গুটিয়ে যান মাত্র ৯৪ রানেই। অনূর্ধ্ব-১৫ দলের আলিমুল ইসলাম আদিব মাত্র ১২ রানে নেন ৩ উইকেট। আফম জাহিন  ও আফ্রিদি তারিক নেন ২টি করে উইকেট।