নরসিংদীতে চারা কাটাকে কেন্দ্র করে একজনকে কুপিয়ে হত্যা

নরসিংদীর মনোহরদীতে গাছের চারা কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে জুয়েল মিয়া (৩৮) নামে একজন নিহত হয়েছেন। এসময় তার স্ত্রী রিনা বেগম (২৮) গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার বড়চাপা  ইউনিয়নের আতুশাল গ্রামে এই ঘটনা ঘটে। নিহত জুয়েল মিয়া উপজেলার বড়চাপা ইউনিয়নের আতুশাল গ্রামের মৃত হারিছ মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, বুধবার দুপুরে বাড়ির সীমানা থেকে গাছের চারা কাটা নিয়ে জুয়েল মিয়ার সঙ্গে তার চাচা তারা মিয়া ও চাচাতো ভাইদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তারা মিয়া ও তার ছেলেরা ধারালো অস্ত্র নিয়ে জুয়েল ও তার স্ত্রীকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাদের প্রথমে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক জুয়েলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জাব্বার বলেন, গাছের চারা কাটাকে কেন্দ্র করে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। এঘটনায় তারা মিয়া নামে একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।