অবশেষে ভোটের তারিখ জানাল মিয়ানমারের জান্তা সরকার। আগামী ২৮ ডিসেম্বর থেকে পর্যায়ক্রমে সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হবে। এমন সময় নির্বাচনের তারিখ ঘোষণা করা হলো, যখন দেশজুড়ে চলছে গৃহযুদ্ধ। জান্তা সরকারের অধীনে এই নির্বাচন নিয়ে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নানা শঙ্কা রয়েছে।
নির্বাচন কমিশনের এক বিবৃতিতে বলা হয়, ‘পার্লামেন্টে বহুদলীয় গণতান্ত্রিক সাধারণ নির্বাচনের প্রথম ধাপ ২০২৫ সালের ২৮ ডিসেম্বর রবিবার শুরু হবে। পরবর্তী ধাপগুলোর তারিখ পরে ঘোষণা করা হবে।’
২০২১ সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারে নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে জান্তা। দেশটিতে এর পর থেকে সামরিক বাহিনীর সঙ্গে গণতন্ত্রপন্থী গেরিলাযোদ্ধা ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর বিভিন্ন সশস্ত্র সংগঠনের সংঘাত চলছে। দেশটির বড় একটি অংশ সরকারবিরোধীদের দখলে রয়েছে। তারা জানিয়ে দিয়েছে, নিজেদের নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলোয় নির্বাচন হতে দেবে না তারা।