খায়রুল কবির খোকন

ফেব্রুয়ারির নির্বাচন পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, বাংলাদেশের মানুষ পিআর বোঝে না। এসব চিন্তা বাদ দিতে হবে। যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছেন, তারা লাভবান হতে পারবেন না। স্বৈরাচার সরকারের আমলে দিনের ভোট রাতে হয়ে গেছে, ডামি ভোটও হয়েছে। কিন্তু এখন আর সেটা সম্ভব নয়। দেশের মানুষ মুখিয়ে আছে বিএনপিকে ভোট দেওয়ার জন্য। কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না। ফেব্রুয়ারি মাসে ঘোষিত নির্বাচন পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না।

বুধবার (২০ আগস্ট) বিকেলে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নরসিংদীর মাধবদী এসপি স্কুল মাঠে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

খায়রুল কবির খোকন বলেন, আমরা আজ একটি গণতান্ত্রিক বাংলাদেশ পেয়েছি অসংখ্য শহীদের আত্মত্যাগের বিনিময়ে। আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিম আকরাম, তাহমিদ ও মাধবদীর সুমন-শাওনসহ যারা জীবন দিয়েছেন, তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং গভীর শ্রদ্ধা জানাচ্ছি।

মাধবদী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল্লাহ রাজীবের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ইলতুৎমিস সওদাগর এ্যানী। উদ্বোধক ছিলেন নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ভিপি নাসির। বিশেষ অতিথি ছিলেন মাধবদী পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুবায়েরুল ইসলাম, মাধবদী থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোজাম্মেল হোসেন মোল্লা, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুম ভূঁইয়া প্রমুখ।