গ্রুপ কল ‘শিডিউল’ করার সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

মেটা মালিকানাধীন হোয়াটসঅ্যাপ এবার কর্মক্ষেত্রের জন্য নতুন ফিচার আনছে। অ্যাপটি গ্রুপ কলের ক্ষেত্রে বড় আপডেট আনতে চলেছে, যার মধ্যে অন্যতম একটি হলো টিম কল আগে থেকে শেডিউল করার সুবিধা। এখন থেকে ‘কল’ ট্যাবে গিয়ে ‘+’ বাটন চাপলেই ‘শিডিউল কল’ অপশন পাওয়া যাবে। সেখান থেকে সহকর্মী বা বন্ধুদের আমন্ত্রণ জানানো যাবে।

একই ট্যাবে আসন্ন মিটিংয়ের তালিকা, অংশগ্রহণকারীদের নাম এবং কলের লিংক দেখা যাবে। কেউ কলে যোগ দিলে লিংক যিনি তৈরি করেছিলেন, তিনি নোটিফিকেশন পাবেন। এই কল লিংক ক্যালেন্ডার অ্যাপেও যুক্ত করা যাবে। নির্ধারিত সময় হলে প্রত্যেক সদস্য নোটিফিকেশন পেয়ে মিটিং শুরু করতে পারবেন বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট।

হোয়াটসঅ্যাপ এবার আরও কিছু নতুন ফিচার যোগ করেছে। ফলে অ্যাপটি ধীরে ধীরে জুম বা গুগল মিটের মতো হয়ে উঠছে। এর মধ্যে রয়েছে ‘রেইজ ইওর হ্যান্ড’ অপশন। এটি ব্যবহার করে কলের সময় কথা বলতে চাওয়ার ইঙ্গিত দেওয়া যাবে। পাশপাশি ইমোজি রিয়্যাকশন পাঠানোর সুবিধাও যুক্ত হচ্ছে। যদিও এসব ফিচার অনেক দিন ধরেই অফিস মিটিং প্ল্যাটফর্মগুলোতে প্রচলিত তবে, ২০০৯ সালে একটি সাধারণ মেসেজিং অ্যাপ হিসেবে যাত্রা শুরু করা হোয়াটসঅ্যাপের জন্য এগুলো একেবারেই নতুন।