রাজধানীতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে একজন গ্রেপ্তার

রাজধানীর কোতয়ালি এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে এক পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ডিএমপির কোতয়ালি থানা পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তি বজেশ্বর পাল (৪০)।

বুধবার (২০ আগস্ট) দুপুর আনুমানিক ১টা ৫ মিনিটে কোতোয়ালি থানাধীন রায় সাহেব বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

কোতয়ালি থানা সূত্রে জানা যায়, বুধবার দুপুরে কোতয়ালি থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কতিপয় দুষ্কৃতকারী রায় সাহেব বাজার এলাকায় ছিনতাই করার উদ্দেশে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে উক্ত টিম সেখানে অভিযান পরিচালনা করে।

পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ছিনতাইকারী বজেশ্বর পালকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে কোতয়ালি থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

থানা সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তারকৃত বজেশ্বর পাল পেশাদার ছিনতাইকারী। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ছিনতাই, মাদকসহ একাধিক মামলা রয়েছে।