বিএনকেএসের তথ্য বান্দরবানে ৮ মাসে ৩৪টি ধর্ষণ

চলতি বছরে জানুয়ারি থেকে ২০ আগস্ট পর্যন্ত বান্দরবান জেলায় ৩৪টি ধর্ষণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয় এনজিও বিএনকেএসের উপপরিচালক উবানু মার্মা।

গতকাল বুধবার সকালে বান্দরবান প্রেস ক্লাবে ‘নারীর প্রতি সহিংসতা রোধে গণমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম এবং সুশীল সমাজের নাগরিকদের ভূমিকা শীর্ষক সংলাপ’ অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে ২০২৪ সালের সারা দেশের নারী নির্যাতনের চিত্রও তুলে ধরা হয়।

জেলা লিগ্যাল এইড, পুলিশ ও গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে এই পরিসংখ্যান জানিয়েছে বিএনকেএস। অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘নারীর প্রতি সহিংসতা রোধ আর ধর্ষণের ঘটনা এড়াতে কারবারি এবং হেডম্যানদের সচেতন করতে হবে।

আর ধর্ষণের ঘটনায় যারা সামাজিকভাবে মীমাংসা করে তাদেরও প্রচলিত আইনের আওতায় আনতে হবে। সহিংসতা রোধে নিজেকে সচেতন হতে হবে, অন্যকেও সচেতন করতে হবে।’