সাত জেলায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের সাতটি জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য জারি করা সতর্কবার্তায় এ তথ্য দেওয়া হয়।

সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ অথবা দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ কারণে সংশ্লিষ্ট সব নদীবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া আবহাওয়া অফিসের আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী কয়েক দিন সারাদেশেই বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারি বর্ষণ এবং কোথাও কোথাও অতি ভারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।