রাশিয়া থেকে তেল আমদানি করার কারণে ভারতের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের সিদ্ধান্তে মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের সম্পর্কে উত্তেজনা চরমে পৌঁছেছে। এমন পরিস্থিতিতে সাবেক মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করে বলেছেন, ‘ভারতকে চীনের মতো প্রতিদ্বন্দ্বী ভাবা উচিত নয়।’
বুধবার (২০ আগস্ট) নিউজউইকে প্রকাশিত এক উপসম্পাদকীয়তে হ্যালি লেখেন, ‘ট্রাম্প প্রশাসনের শুল্কনীতি বা ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে মার্কিন ভূমিকার মতো বিষয়গুলো বিশ্বের দুই বৃহত্তম গণতান্ত্রিক দেশের মধ্যে বিভাজন তৈরি করা উচিত নয়।’
গত কয়েক সপ্তাহে দুই দেশের সম্পর্কে অস্বস্তি বেড়েছে বহুগুণ। ট্রাম্প প্রশাসন রাশিয়া থেকে তেল আমদানির জন্য ভারতের বিরুদ্ধে ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছে। এর আগে ভারতীয় পণ্যের ওপরও একই মাত্রার শুল্ক বসানো হয়েছিল। তবে নয়াদিল্লি স্পষ্ট জানিয়েছে, এ নিয়ে আলোচনা এখনো চলমান।
এদিকে, ভারত ডোনাল্ড ট্রাম্পের বারবার করা ‘ভারত-পাকিস্তান পরমাণু যুদ্ধ’ ঠেকানোর দাবি নাকচ করেছে। নয়াদিল্লি জানিয়েছে, দুই দেশের সংঘাত নিরসনে কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ছিল না। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বাধীনতা দিবসের ভাষণেও একই বার্তা দেন।
এই প্রেক্ষাপটে হ্যালি বলেন, ‘ভারতকে মূল্যবান মুক্ত ও গণতান্ত্রিক অংশীদার হিসেবে দেখা উচিত, প্রতিদ্বন্দ্বী হিসেবে নয়।’
তিনি আরও লেখেন, ‘ট্রাম্প প্রশাসনের বৈদেশিক নীতির লক্ষ্য পূরণ—চীনকে পরাজিত করা এবং শক্তির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা—তাহলে মার্কিন-ভারত সম্পর্ককে পুনরায় সঠিক পথে ফেরানো সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’
রিপাবলিকান এই নেত্রী আরও সতর্ক করে বলেন, ‘এশিয়ায় চীনের প্রভাব ঠেকাতে পারে এমন একমাত্র দেশের সঙ্গে ২৫ বছরের সম্পর্ক ভেঙে ফেলা হবে এক গুরুতর কৌশলগত ভুল।’
সূত্র: এনডিটিভি