ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলছে ভয়াবহ মানবিক বিপর্যয়। ইসরায়েলি হামলায় পোকামাকদের মতো মারা যাচ্ছে মানুষ। চলছে দুর্ভিক্ষ। লাখ লাখ মানুষ অনাহারে দিন কাটাচ্ছে। শিশুমৃত্যু বেড়েছে বহুগুণ। এমতাবস্থায় চুপ থাকতে পারছে না নরওয়ে ফুটবল ফেডারেশন। আর তাই ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে ইসরায়েলের বিপক্ষে ম্যাচের লভ্যাংশ দিয়ে তারা গাজার মানুষদের সাহায্য করার ঘোষণা দিয়েছে।
অসলোয় ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আগামী ১১ অক্টোবর ইসরায়েলের মুখোমুখি হবে নরওয়ে। নরওয়ে ফুটবল ফেডারেশনের সভাপতি লিসে ক্লাভেনেস বিবৃতিতে বলেন, ‘দীর্ঘদিন ধরে গাজার সাধারণ মানুষের ওপর যে একতরফা ভয়াবহ আক্রমণ চলছে এবং তাতে মানবিক বিপর্যয় দেখে আমরা কিংবা আমাদের সংগঠন চুপ করে থাকতে পারে না। গাজায় প্রতিদিন জীবন বাঁচাচ্ছে এবং জরুরি সেবা দিচ্ছে এমন মানবতাবাদী সংগঠনকে আমরা দান করতে চাই।’
২০২৩ সালের অক্টোবর থেকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় স্বাগতিক হয়ে কোনো ম্যাচ আয়োজন করতে পারে না ইসরায়েল। তারা হোম ম্যাচগুলো খেলে নরওয়ের মাটিতে। এবার নরওয়ের এমন ঘোষণায় তারা উপহাস করতে ছাড়েনি। এক বিবৃতিতে ইসরায়েলি ফুটবল ফেডারেশন বলেছে, ‘নিশ্চিত করুন অর্থটা যেন কোনো সন্ত্রাসী সংগঠনের হাতে না পড়ে কিংবা তিমি শিকারে ব্যয় না হয়।’ উল্লেখ্য, তিমি শিকারের জন্য বিশ্বব্যাপী সমালোচনার সন্মুখীন হয়েছে নরওয়ে।
উল্লেখ্য, ফিলিস্তিনের গাজায় টানা ২২ মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলায় মোট নিহত মানুষের সংখ্যা ৬২ হাজার ছাড়িয়ে গেছে। নিহতদের মধ্যে অন্তত ১৮ হাজার ৮৮৫ জন শিশু আছে। এদিকে ইতালিয়ান সকার কোচেস অ্যাসোসিয়েশন (এআইএসি) এক আনুষ্ঠানিক চিঠিতে দাবি জানিয়েছে, ইসরায়েলকে নিষিদ্ধ করতে হবে। তারা নিজ দেশের ফুটবল ফেডারেশনকে অনুরোধ করেছে, এই দাবি সম্বলিত চিঠি যেন উয়েফা এবং ফিফায় পাঠানো হয়।