মঞ্চে আজ এরশাদ হাসানের ‘বারামখানা’

বৃহস্পতিবার  (২১ আগস্ট) সন্ধ্যা ৭টায় রাজধানীর বেইলি রোডের মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে মঞ্চস্থ হবে থিয়েটারের ৪১তম প্রযোজিত নাটক ‘বারামখানা’। মরমি বাউলসাধক লালন শাহের জীবন ও আখড়াকেন্দ্রিক বিকাশ নিয়ে নির্মিত নাটকটির ৪৩তম প্রদর্শনী হবে আজ। সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘মনের মানুষ’ উপন্যাস থেকে অনুপ্রাণিত এ নাটকটি রচনা করেছেন পান্থ শাহরিয়ার এবং নির্দেশনা দিয়েছেন ত্রপা মজুমদার। 

নাটকটিতে বরেণ্য অভিনয়শিল্পীরা অভিনয় করলেও একটি বিশেষ চরিত্রে দেখা যাবে অভিনেতা এরশাদ হাসানকে। তিনি অভিনয় করেছেন লালনের প্রধান শিষ্য শীতল সাঁই চরিত্রে। এরশাদ হাসান নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদারের দৃষ্টি কেড়ে সরাসরি হয়ে যান থিয়েটার নাট্যদলের দলীয় সদস্য ও নাট্যকর্মী। তারপর একের পর এক মঞ্চ ও টেলিভিশন নাটকের চরিত্র থেকে বিচিত্র চরিত্রে অভিনয় করছেন। 

ইতিমধ্যে মঞ্চে বিভিন্ন নাটকে তিনশ বারের অধিক প্রদর্শনীতে অংশ নিয়েছেন তিনি। এরশাদ যেমন একাধারে বেতার ও টিভিতে তালিকাভুক্ত অভিনয়শিল্পী, আবার তেমনি বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত টিভি নাটকের নিয়মিত অভিনয়শিল্পী। অভিনয়ের জন্য ইতিমধ্যে বিভিন্ন পদকসহ অর্জন করেছেন ট্র্যাব মিডিয়া স্টার অ্যাওয়ার্ড ২০২৫।