কিশোর গ্যাংয়ের প্রতিবাদ করায় বিএনপি নেতাকে হুমকি

কুমিল্লার দাউদকান্দিতে কিশোর গ্যাং গ্রুপের অপকর্মের প্রতিবাদ করায় বিএনপি নেতাকে হুমকির অভিযোগ। বুধবার (২১ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি ইব্রাহিম খলিল তার নিজ বাড়ি সিঙ্গুলায় সংবাদ সম্মেলন করে এ অভিযোগ তুলেন স্থানীয় যুবদল নেতাদের নামে।

সংবাদ সম্মেলনে ইব্রাহিম খলিল বলেন, আমি দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। রাজনীতির পাশাপাশি একজন ব্যবসায়ী। স্বৈরাচারবিরোধী আন্দোলন-সংগ্রামে রাজপথে ছিলাম এবং এলাকায় গ্রহণযোগ্যতা আছে বলেই দল আমাকে সভাপতির দায়িত্ব দিয়েছে। গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর থেকে এলাকার রুবেল, মিজান ও মহিউদ্দিনসহ কয়েকজনের নেতৃত্বে একটি কিশোর গ্যাং গ্রুপ মাথাচাড়া দিয়ে ওঠে। এই গ্রুপটি মাদক কারবার, সেবন ও এলাকার সাধারণ মানুষের ওপর জুলুম নির্যাতন শুরু করে। আমি প্রতিবাদ করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার নামে মিথ্যা মানহানিকর তথ্য প্রচার করে। এখন কিশোর গ্যাং গ্রুপটি অনবরত আমার ওপর হামলার হুমকি দিয়ে যাচ্ছে।

তিনি বলেন, ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। এর আগেও ইউনিয়ন বিএনপির আহ্বায়কের দায়িত্ব পালন করেছি। আমার দীর্ঘদিনের অর্জিত সুনাম ক্ষুণ্ণ করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে একটি মহল। কয়েকদিন আগে আমার বিরুদ্ধে কাল্পনিক ও মনগড়া তথ্য ফেসবুকে ছেড়ে দেওয়া হয়েছে। সেখানে কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করে আমার চরিত্রহননের চেষ্টা করা হয়েছে।

পুলিশ প্রশাসনকে জানিয়েছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে বিএনপি নেতা ইব্রাহিম খলিল বলেন, কিশোর গ্যাং গ্রুপের মদদদাতা রুবেল, মিজান ও মহিউদ্দিন যুবদলের লোক হওয়ায় বিষয়টি আমার দলের উপজেলার নেতাদের জানিয়েছি।

অভিযোগ অস্বিকার করে ইউনিয়ন যুবদল নেতা রুবেল ও মিজান মুঠোফোনে বলেন, আমরা যদি কিশোর গ্যাং গ্রুপের মদদদাতা হই তাহলে আমাদের মদদদাতা তো ইব্রাহিম খলিল! কারণ আমরা এক সময় ইব্রাহিম খলিলের নেতৃত্বেই রাজনীতি করেছি। এখন উনার সাথে না থাকায় আমাদের নামে মিথ্যা অভিযোগ তুলছেন।

দাউদকান্দি উপজেলা বিএনপির সভাপতি এম এ লতিফ ভূইয়া বলেন, ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়ন বিএনপি এবং যুবদল নেতাদের বিষয়টি নিয়ে উভয়ের সঙ্গে কথা হয়েছে। দলীয়ভাবে আমরা বিষয়টি দেখছি।