সাংবাদিককে অপহরণ করে মারধরের ঘটনায় সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের এক ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। উপজেলা ছাত্রদল তাকে বহিষ্কার করেছে। বহিষ্কৃত ছাত্রদল নেতা মুন্না সরকার ইউনিয়ন ছাত্রদলের ক্রীড়া সম্পাদকের পদে ছিলেন।
গত বুধবার (২০ আগস্ট) কামারখন্দ উপজেলা ছাত্রদলের আহবায়ক মাহমুদুল হাসান এবং সদস্য সচিব তানভীর ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ভদ্রঘাট ইউনিয়ন ছাত্রদলের ক্রীড়া সম্পাদক মুন্না সরকারকে প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হলো।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে কামারখন্দ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব তানভীর ইসলাম জানান, সম্প্রতি একজন সাংবাদিককে অপহরণের পর মারধরের বিষয়টি জানতে পেরে তদন্ত শুরু উপজেলা ছাত্রদল। তদন্তে ঘটনার সত্যতা পাওয়া যায়। এরই প্রেক্ষিতে মুন্না সরকারকে প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
উল্লেখ্য, কয়েকদিন ধরে গণমাধ্যমে মুন্না সরকারের নানা অপকর্মের খবর প্রকাশ করে আসছিলেন জনতার আলো পত্রিকার সাংবাদিক রুবেল তালুকদার। এর জের ধরে ওই সাংবাদিককে অপহরণ করেন মুন্না সরকারসহ তার সঙ্গে থাকা কয়েকজন ব্যক্তি। এরপর সাংবাদিক রুবেল তালুকদারের পরিবার সিরাজগঞ্জ সেনা ক্যাম্পে খবর দেন। সেনাবাহিনীর তৎপরতায় তাকে আবার বাড়িতে ফিরিয়ে দেওয়া হয়।