সুন্দরবন থেকে একটি নৌকা, বিষের বোতল, জাল, ৩০ লিটারের পানির ড্রাম ও দা জব্দ করেছে বজবজা টহল ফাঁড়ির বনরক্ষীরা। বুধবার (২০ আগস্ট) রাতে টহলের সময় পশ্চিম বন বিভাগের আওতাধীন খুলনা রেঞ্জের নলবুনিয়া খাল থেকে এগুলো উদ্ধার করা হয়। তবে অভিযানের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবারিরা।
বজবজা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লুৎফর রহমান জানান, নিয়মিত টহল কার্যক্রম পরিচালনার সময় নলবুনিয়া খালে অভিযান চালিয়ে ১টি নৌকা, ১টি ভেষালী জাল, ১টি বিষের বোতল, ৩০ লিটারের ১টি পানির ড্রাম ও ১টি দা জব্দ করা হয়েছে। অভিযানের বিষয়টি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। এ বিষয়ে বন আইনে মামলা হয়েছে।