ঢাকার সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত স্কুলছাত্র আলিফ আহমেদ সিয়াম হত্যা মামলার ৫নং আসামি ঝালকাঠির রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহুল চন্দকে ওএসডি করা হয়েছে।
বুধবার দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. রাজীব আহসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে রাজাপুরের ইউএনও পদ থেকে প্রত্যাহার করে ওএসডি হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা, রাজাপুর, ঝালকাঠি হিসেবে কর্মরত রাহুল চন্দকে তার বর্তমান পদ থেকে অব্যাহতি দিয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হলো। বিসিএস ৩৫ ব্যাচের এই কর্মকর্তা গত বছরের ৩০ সেপ্টেম্বর রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৫ অগাস্ট ঢাকাগামী লং মার্চকে কেন্দ্র করে সাভারে ছাত্র জনতার মিছিলের ওপর পুলিশ গুলি চালালে গুরুতর আহত হয় সাভার ডেইরি ফার্ম স্কুলের দশম শ্রেণির ছাত্র আলিফ আহমেদ সিয়াম। পরে চিকিৎসাধীন অবস্থায় ৭ আগস্ট সিয়াম মারা গেলে বাগেরহাটের গ্রামের বাড়িতে তাকে দাফন করা হয়।
এ ঘটনায় নিহত সিয়ামের বাবা বুলবুল কবির চলতি বছরের ৬ জুন সাভার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনের পাশাপাশি তৎকালীন সাভারের ইউএনও রাহুল চন্দকে ৫নং আসামি করা হয়।
মামলার পরও রাহুল চন্দ ঝালকাঠির রাজাপুরে ইউএনও হিসেবে বহাল তবিয়তে দায়িত্ব পালন করে আসছিলেন। বিষয়টি নিয়ে নিহত ছাত্রের পরিবারসহ সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করে।
সাভারের ভয়াবহ জুলাই গণহত্যা, হত্যার পর লাশ পুড়িয়ে ফেলা এবং ছাত্র আলিফ আহম্মেদকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি ও সাবেক ছাত্রলীগ নেতা, বর্তমানে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহুল চন্দের গ্রেপ্তার ও সর্বোচ্চ বিচারের দাবিতে সোচ্চার হয় স্থানীয় মানুষ।
এর আগে বিভিন্ন পত্র-পত্রিকায় এ সংক্রান্ত সংবাদ প্রকাশের পর বিষয়টি সরকারের নজরে আসে। এছাড়া আজ বৃহস্পতিবার সকাল ১১টায় ইউএনও রাহুল চন্দের বিচার ও প্রত্যাহারের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঝালকাঠির রাজাপুর উপজেলা পরিষদ চত্বরে জুলাই যোদ্ধা রাজাপুর উপজেলার আয়োজনে প্রায় পাঁচ শতাধিক মানুষের অংশগ্রহনে এ কর্মসূচি পালিত হওয়ার এক ঘণ্টার মধ্যে রাহুল চন্দকে ওএসডি করে মন্ত্রণালয়।