মহেশখালীতে দেশীয় তৈরি ৪ বন্দুক ও গুলিসহ আটক ১

কক্সবাজারের মহেশখালীতে দেশীয় তৈরি চারটি বন্দুক ও আটটি গুলিসহ একজনকে আটক করেছে কোস্ট গার্ড।

বৃহস্পতিবার বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, কোস্ট গার্ড সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

আটক মোহাম্মদ ফারুক (৩১) মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়নের পানিরছড়া এলাকার মো. শাহাবুদ্দিনের ছেলে।

সিয়াম-উল-হক বলেন, বুধবার মধ্যরাত মহেশখালীর ধলঘাটা ইউনিয়নের পানিরছড়া এলাকার জনৈক ব্যক্তির বাড়িতে কতিপয় লোকজন অপরাধ সংঘটনের উদ্দেশ্যে অবস্থান করছে খবরে কোস্ট গার্ডের একটি দল অভিযান চালায়। এতে ঘটনাস্থলে পৌঁছে সন্দেহজনক বসত ঘরটি ঘিরে ফেলে। কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে কোস্ট গার্ড সদস্যরা তাকে আটক করতে সক্ষম হয়।

‘পরে আটক ব্যক্তির দেওয়া তথ্য মতে, ঘরটিতে তল্লাশি চালিয়ে বিশেষ লুকানো অবস্থায় দেশীয় তৈরি ৪টি বন্দুক এবং ৮টি গুলি পাওয়া যায়।’

কোস্ট গার্ডের কর্মকর্তা জানান, আটক ব্যক্তি একজন চিহ্নিত সন্ত্রাসী। অস্ত্র ও ডাকাতিসহ নানা অভিযোগে তার বিরুদ্ধে মহেশখালী থানায় একাধিক মামলা রয়েছে।