পার্বতীপুরে লটারির বিভিন্ন উপকরণসহ ৯ অটোরিকশা জব্দ করল ইউএনও

অনুমোদনহীন ও বেআইনি লটারির প্রচার ও কুপন বিক্রির অভিযোগে দিনাজপুরের পার্বতীপুরে ৯টি অটোরিকশা আটক এবং লটারির কাজে ব্যবহৃত বিভিন্ন উপকরণ জব্দ করেছে পার্বতীপুর উপজেলা প্রশাসন।  

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর দেড়টায় পার্বতীপুর উপজেলা পরিষদ চত্বর থেকে লটারির প্রচারণা কাজে এসব অটো, লটারির কুপন ফেলার পাত্র (ড্রাম) ও বিপুল পরিমাণ টিকিট জব্দ করেন পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাদ্দাম হোসেন।

এ সময় পার্বতীপুর মডেল থানার একজন সহকারী দারগার নেতৃত্বে এ অভিযান পরিচালনায় তাকে সহযোগিতা করেন। পরে, অটো চালকরা ভুল স্বীকার করলে তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। সম্প্রতি পার্শ্ববর্তী সৈয়দপুরে দীর্ঘদিন ধরে লটারি চলাকালে এলাকার অসংখ্য মানুষ নি:শ্ব ও সর্বশান্ত হয়েছেন। সৈয়দপুর লটারি বন্ধের কয়েকদিনের মাথায় পার্বতীপুর-বদরগঞ্জ আঞ্চলিক সড়কে হাসিনা নগরে ‘পার্বতীপুরের খোলাহাটি ক্ষুদ্র কুটির শিল্প ও বাণিজ্য মেলার আড়ালে একই ধরনের লটারি গত ১৮ আগস্ট চালু হওয়ায় পার্বতীপুরে সাধারণ মানুষের মাঝে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।  

এ ব্যাপারে পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাদ্দাম হোসেন বলেন, আজকের পর থেকে পার্বতীপুর এলাকায় লটারির কোন গাড়ি ঢুকবে না বলে প্রতিশ্রুতি দেয়ায় মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।