টঙ্গীতে সম্পত্তি লিখে না দেওয়ায় বাবাকে কুপিয়ে জখম

গাজীপুরের টঙ্গীতে ছেলেদের নামে সম্পত্তি লিখে না দেওয়ায় বাবাকে কুপিয়ে জখম করেছে দুই ছেলে। বৃহস্পতিবার (২১ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে টঙ্গীর খরতৈল ব্যাংকপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। 

মাদকাসক্ত ছেলেরা ধারালো অস্ত্র দিয়ে বাবার ঘাড়, মাথা, বুক ও পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়েছে। অভিযুক্ত দুই ছেলে হচ্ছে- দ্বীন ইসলাম (৩৮) ও মাহবুব (৪০)।

আহত বাবা খোরশেদ আলম (৬৫) ওই এলাকার সিরাজুল ইসলামের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে খোরশেদের মাদকাসক্ত দুই ছেলে মাহবুব ও দ্বীন ইসলাম তার বাবাকে সম্পত্তি লিখে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করে আসছিল। বৃহস্পতিবার দুপুরে জমি লিখে দেওয়া নিয়ে কথা কাটাকাটি ও তর্ক বিতর্কের একপর্যায়ে দ্বীন ইসলাম ও মাহবুব ধারালো অস্ত্র দিয়ে বাবা খোরশেদকে ঘাড়, মাথা, বুক ও পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। 

এ সময় তার ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আহত খোরশেদ আলমকে টঙ্গী আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।