কালিয়াকৈরে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

গাজীপুরের কালিয়াকৈরে নয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে কফিল উদ্দিন (৩৮) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে উপজেলার মৌচাক মাটিকাটা এলাকায় এ ঘটনা ঘটে। 

অভিযুক্ত কফিল উদ্দিন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাতভাই বাড়ি এলাকার বাসিন্দা। তিনি  উপজেলার বটতলা দিঘীরপাড়া এলাকায় বাদশা মিয়ার বাড়িতে স্ব-পরিবারে ভাড়া থেকে বাঙ্গারির ব্যবসা করতেন। 

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশু স্থানীয় একটি স্কুলের প্রথম শ্রেণীর শিক্ষার্থী ও তার বাবা-মা পোশাক কারখানায় কাজ করেন। বৃহস্পতিবার দুপুরে ওই শিশু স্কুল থেকে এসে বাড়ির পাশে একটি মাঠে খেলা করছিল। শিশুটির বাবা মা তাদের কর্মস্থলে থাকার সুযোগে তাকে  ৫০ টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে মাটিকাটা এলাকার সরকারি শালবনের ভেতরে নিয়ে যায় কফিল উদ্দিন। শালবনের ভিতর নিয়ে তাকে ধর্ষণ করে অভিযুক্ত। এসময় শিশুটি চিৎকারে আশপাশের লোকজন ধাওয়া দিয়ে অভিযুক্ত কফিলকে আটক করে। পরে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, ওই শিশুকে ধর্ষণের অভিযোগে একজনকে আটকের পর পুলিশে দেয় এলাকাবাসী। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।