এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকারের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার নিমতলা এলাকায় প্রাইভেটকারের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক প্রাণ হারিয়েছেন। 

বৃহস্পতিবার (২১ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সবাই মোটরসাইকেলের আরোহী ছিলেন।

প্রাণ হারানো ব্যক্তিরা হলেন—সিরাজদীখানের রশুনিয়া ইউনিয়নের খিলপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে অওলাদ হোসেন (২৩), হাশেম মিয়ার ছেলে মোহাম্মদ হাবিল (২৩) এবং মঙ্গল মিয়ার ছেলে কাইয়ূম মিয়া। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একই এলাকার বাচ্চু মিয়ার ছেলে মো. ইমন।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, বৃহস্পতিবার রাতে নম্বরবিহীন একটি লাল মোটরসাইকেলে চারজন আরোহী শ্রীনগর থেকে নিমতলার দিকে যাচ্ছিলেন। এক্সপ্রেসওয়ের পূর্ব পাশের সার্ভিস লেনে পৌঁছে নিমতলা গ্রীন মর্ডান সিটি সংলগ্ন এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে তাদের মোটরসাইকেলের ধাক্কা লাগে। সংঘর্ষের পর চার আরোহী সড়কে ছিটকে পড়েন। এর মধ্যে ঘটনাস্থলেই তিনজন মারা যান। গুরুতর আহত ইমনকে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে ঢাকায় পাঠান।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার এবং আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।