গাজীপুরে দুই কারখানার শ্রমিকরা মুখোমুখি

গাজীপুর মহানগরের ভোগড়া বাইপাস এলাকায় বকেয়া বেতনের দাবিতে মহাসড়কে বিক্ষোভের সময় দুই কারখানার শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রোয়া ফ্যাশনের শ্রমিকরা বিক্ষোভ করে।

পুলিশ ও কারখানা শ্রমিক সূত্রে জানা গেছে, মহানগরীর ভোগড়া বাইপাস এলাকায় রোয়া ফ্যাশনের শ্রমিকদের দুই মাসের বেতন বকেয়া রয়েছে। গত ১২ আগস্ট তাদের বেতন পরিশোধের কথা ছিল। কিন্তু কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন পরিশোধ করেনি। এ নিয়ে শ্রমিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

একপর্যায়ে ওই কারখানার শ্রমিকরা ঢাকান্ডময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় পাশের ‘ইউরো জিন্স’ নামে পোশাক কারখানায় গিয়ে শ্রমিকদের কাজ বন্ধ করে বেরিয়ে আসতে বলে। কিন্তু ওই কারখানার শ্রমিকরা বেরিয়ে আসতে না চাওয়ায় দুই কারখানার শ্রমিকদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় প্রায় আধ ঘণ্টা ঢাকান্ডময়মনসিংহ মহাসড়ক অবরোধ থাকে। এতে যানজটের সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার এসআই মোহাম্মদ আলী জনান, দুই মাসের বকেয়া বেতন দাবিতে শ্রমিকরা বিক্ষোভ ও অবরোধ করেন। পরে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় প্রায় আধ ঘণ্টা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে।