ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি আসন্ন এশিয়া সফর বাতিল করেছেন। এ সফরে তার বাংলাদেশসহ সিঙ্গাপুর, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া ও জাপান সফর করার কথা ছিল। গতকাল বৃহস্পতিবার ঢাকায় কূটনৈতিক মহলে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে আগামী ৩০ আগস্ট মেলোনির ঢাকায় আসার কথা ছিল। পরদিন প্রধান উপদেষ্টার সঙ্গে তার বৈঠকের সময়সূচিও নির্ধারণ করা হয়েছিল। কিন্তু আন্তর্জাতিক পরিস্থিতির কারণে শেষ মুহূর্তে ইতালির প্রধানমন্ত্রীর সফর স্থগিত করা হয়েছে।
রোম থেকে জানানো হয়েছে, বর্তমানে ইউক্রেন যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে চলমান আলোচনায় ন্যাটোভুক্ত দেশগুলোর একজন শীর্ষ নেতা হিসেবে মেলোনির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ কারণে তিনি এই মুহূর্তে এশিয়া সফরের সময় বের করতে পারছেন না। বাংলাদেশের জন্য এই সফরটি ছিল বিশেষ তাৎপর্যময়। কারণ এটি ইতালির সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার সুযোগ তৈরি করত। বিশেষত শ্রমবাজার, বিনিয়োগ এবং দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয়ে আলোচনার প্রত্যাশা ছিল।