নাফিজ হত্যায় পুলিশ সুপার শচীন গ্রেপ্তার

জুলাই আন্দোলনে রাজধানীতে আলোচিত নাফিজ হত্যা মামলায় এক সময়ের তেজগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার (এডিসি) শচীন মৌলিককে আটক করেছে গোয়েন্দা পুলিশ। 

গতকাল বৃহস্পতিবার (২১ আগস্ট) তাকে খাগড়াছড়ির মহালছড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট একটি সূত্র।

তথ্য অনুযায়ী, ঢাকায় ছাত্রজনতার সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন শিক্ষার্থী নাফিজ। এই ঘটনায় দায়ের করা মামলায় শচীন মৌলিকের নাম আসায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। পরে তাকে পার্বত্য অঞ্চলে বদলি করে মহালছড়ি-৬ এপিবিএন-এ সংযুক্ত করা হয়।

শহীদ নাফিজ ২০২৪ সালের ৪ আগস্ট ফার্মগেট এলাকায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। তখন তার মরদেহ একটি রিকশায় শুইয়ে ঢাকা মেডিকেলে নিয়ে যান এক রিকশা চালক, তখন নাফিজের মাথায় ছিল বাংলাদেশের পতাকা বাঁধা। সেই দৃশ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে নাফিজ ছাত্র আন্দোলনের একটি প্রতীক হয়ে ওঠেন।

নাফিজের শিক্ষাজীবন শুরু হয় বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে। সেখান থেকে এসএসসি পাস করে তিনি নৌবাহিনী কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছিলেন। তাঁর স্বপ্ন ছিল দেশের জন্য কিছু করার। কিন্তু সংঘর্ষে পুলিশের গুলিতে তাঁর জীবন অকালে থেমে যায়।

শচীন মৌলিক, যিনি ৩৩তম বিসিএস পুলিশ ক্যাডারের সদস্য, ২০১৪ সালের ৭ আগস্ট সহকারী পুলিশ সুপার হিসেবে যোগ দেন। সরকারবিরোধী আন্দোলনের সময় তিনি ঢাকায় মাঠপর্যায়ে দায়িত্বে ছিলেন। আন্দোলন দমনে তার ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে, যা পরবর্তীতে তদন্তের অংশ হিসেবে বিবেচিত হয়।