ছাত্রসংসদ নির্বাচন প্রসঙ্গে প্রথমবার প্রকাশ্যে এলেন নজরুল বিশ্ববিদ্যালয়ে শিবির সভাপতি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদ নির্বাচনের দাবিতে প্রকাশ্যে এসেছেন ইসলামী ছাত্রশিবিরের শাখা সভাপতি সাদ কবির। তিনি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ছাত্র।

বুধবার (২‌০ আগস্ট) রাতে সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্টে তিনি ছাত্রসংসদ নির্বাচন দাবির সাথে সাথে নিজের শিবির সভাপতি হওয়ার পরিচয় প্রকাশ করেন। 

সেই পোস্টে তিনি জানান, দীর্ঘ ১৭ বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করে আসার পর, জুলাই-আগস্ট মাসের গণঅভ্যুত্থানের মাধ্যমে তিনি স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ পেয়েছেন। 

তবে তিনি দুঃখিত যে, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য একটি সুষ্ঠু ছাত্র সংসদ গঠিত হয়নি, যা তাদের গণতান্ত্রিক অধিকার ও নেতৃত্বের প্রতিভা বিকাশের সুযোগ দিত।

সাদ কবির তার পোস্টে আরো উল্লেখ করেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ৯ দফার মধ্যে ছাত্রসংসদ নির্বাচনের বিষয়টি অন্তর্ভুক্ত ছিল। 

ইতোমধ্যে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু হলেও, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে এখনো এ ব্যাপারে কোনো অগ্রগতি হয়নি। 

তিনি অবিলম্বে ছাত্রসংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান এবং বলেন, যদি প্রশাসন এ বিষয়ে কোনো পদক্ষেপ না নেয়, তবে শিক্ষার্থীরা নিজেদের অধিকার আদায়ে সরাসরি মাঠে নামবে।

ছাত্রসংসদ বিষয়ে সাদ কবির বলেন, “আমরা বর্তমানে প্রকাশ্যে আমাদের কার্যক্রম পরিচালনা করছি। আমাদের কমিটি আনুষ্ঠানিকভাবে এখনো প্রকাশ করা হয়নি, তবে খুব শিগগিরই তা করা হবে। বর্তমানে আমাদের কমিটি ৮ সদস্যবিশিষ্ট।”

এদিকে, ছাত্রশিবিরের কর্মকাণ্ড প্রকাশ্যে আসার জন্য বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক ইমরান হোসেন প্রধান মন্তব্য করেছেন, "জুলাই বিপ্লবের পর এখন আর কোনো পরিস্থিতি নেই যেখানে রাজনৈতিক কর্মকাণ্ড গোপনে করতে হবে। সবাই স্বাধীনভাবে তাদের অধিকার চর্চা করতে পারে। তাই ছাত্রশিবিরকে প্রকাশ্যে আসার আহ্বান জানাই।"

সাদ কবির ২০২৪ সালে অর্থনীতি বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। ছাত্রশিবিরের কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন ফোকলোর বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র আব্দুল্লাহ রিমন।