ডাকসু নির্বাচন

ছাত্রদলের প্রার্থীদের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালানো হচ্ছে: আবিদুল ইসলাম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী মো. আবিদুল ইসলাম খানের বিরুদ্ধে অনলাইনে ইচ্ছাকৃতভাবে প্রোপাগান্ডা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

শুক্রবার (২২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলে জুমার নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।

আবিদুল ইসলাম খান বলেন, ডাকসু নির্বাচনের স্বাভাবিক পরিবেশ নষ্ট করার জন্যই এই অপপ্রচার চালানো হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবশ্যই এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

তিনি আরও যোগ করেন, পেছনে থেকে এই ধরনের অপপ্রচার করা অসুস্থ মানসিকতার লক্ষণ। যারা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, তাদের উচিত প্রকাশ্য মাঠে রাজনৈতিকভাবে প্রতিযোগিতা করা।

এ সময় তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেলে নির্বাচিত হলে শিক্ষার্থীদের সকল সমস্যা সমাধানের জন্য আন্তরিকভাবে কাজ করার আশ্বাস দেন।

নির্বাচনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৫ আগস্ট। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৬ আগস্ট। আর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৯ সেপ্টেম্বর।