মির্জা ফখরুল

গুম-খুনের শিকার পরিবারের কান্না বন্ধে ব্যর্থ অন্তর্বর্তী সরকার 

গুম ও খুনের শিকারদের পরিবারের কান্না বন্ধে বর্তমান অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, গুমের শিকার হওয়া লোকদের সন্তানররা বড় হয়েছে, কিন্তু তাদের ফিরে পাইনি। আশা ছিলো অভূত্থানের পর গুম হওয়াদের খোঁজ পাবো, কিন্তু এখনও কিছুই হয়নি।

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে গুম হওয়া ব্যক্তিদের স্মরণে শুক্রবার (২২ আগস্ট) দুপুরে ‘মায়ের ডাক’-এর আয়োজনে মানববন্ধন ও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আমাদের শত শত নেতাকর্মী গুম-খুন হয়েছে। আমরা একটা বড় বিজয় অর্জন হয়েছে, যে বিষয়গুলো আমাদের পদে পদে কষ্ট দিচ্ছে তার এখনও সমাধান করতে পারিনি। এখনো সদুত্তর পাইনি।

তিনি বলেন, তারা গুম কমিশনকে পাবলিকলি আনতে ও পাবলিক শুনানি করতে ব্যর্থ হয়েছে। এর জবাবদিহিতা তাদের করতে হবে।

বিএনপি মহাসচিব বলেন, এই সরকার দায়ীদের বের করার চেষ্টা করবে বলে আশা করছি। গুম-খুন-নির্যাতন ও মানবতার বিরুদ্ধে অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। হাসিনা সব গুম-খুনের জন্য দায়ী। হতাশ হওয়ার কিছু নেই, হাসিনার বিচার দেশের মাটিতেই হতে হবে। তার সর্বোচ্চ শাস্তি হতে হবে।