নারী সাফ অনূর্ধ্ব-১৭

ভারতের কাছে হারলো বাংলাদেশ

নারী সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে ভুটানকে ৩-১ গোলে হারিয়ে শুরুটা দারুণ হয়েছিল বাংলাদেশের। দ্বিতীয় ম্যাচটি ছিল কঠিন পরীক্ষা। ভারতের বিপক্ষে সেই ম্যাচে উতরাতে পারেননি মেয়েরা। চ্যাংলিমিথান স্টেডিয়ামে বাংলাদেশ হেরে গিয়েছে ২-০ গোলের ব্যবধানে।

শক্তিশালী ভারতের বিপক্ষে ম্যাচে মাহবুবুর রহমান লিটুর দল লড়াই চালিয়েছিল ভালোই। ম্যাচও এগোয় আক্রমণ-প্রতি আক্রমণে ভর করে। তবে ভারত সুযোগ পেয়ে গোল করতে পারলেও বাংলাদেশ ব্যর্থ হয়েছে। শুরুর ১৪ মিনিটেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। সতীর্থের বল ধরে আক্রমণে ওঠা পার্ল ফার্নান্দেজকে আটকাতে পারেননি কোনো ডিফেন্ডার। এক ছুটে বক্সে ঢুকে ভারতের এই ফরোয়ার্ডের শট গোলকিপারের হাত ছুঁয়ে জালে জড়ায়। 

৩৬ মিনিটে সমতায় ফেরার ভালো সুযোগ পেয়েছিল বাংলাদেশ। ফাতেমা আক্তারের কর্নারে আলপি আক্তারের হেড অল্পের জন্য ক্রসবারের উপর দিয়ে যায়। ভুটান ম্যাচে জোড়া গোল করা এই ফরোয়ার্ডকে এ সময় হতাশা প্রকাশ করতে দেখা যায়।

বিরতির পর ভারত ব্যবধান দ্বিগুণ করে। ৭৬ মিনিটে কর্নার থেকে আলিশার ভাসিয়ে দেওয়া বলে বদলি খেলোয়াড় বনিফিলিয়া সুল্লাই ডা পা বাড়িয়ে দিয়ে গোলকিপারকে পরাস্ত করেন। এর পর বাংলাদেশ চেষ্টা করেও গোল শোধ দিতে পারেনি। আসরের তৃতীয় ম্যাচে ২৪ আগস্ট নেপালের বিপক্ষে লড়বে বাংলাদেশ।