থানার ৩০০ মিটার দূরত্বে ৪৫০ মোবাইলসহ অসংখ্য মালামাল চুরি

ফেনীর সোনাগাজীতে থানার ৩০০ মিটার দূরুত্বে এক ব্যবসায়ীর দোকান থেকে অন্তত ৪৫০টি মোবাইল ফোনসহ বিপুল পরিমাণ মালামাল নিয়ে যায় চোরচক্র। ঘটনাটি বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোরে পৌর শহরের ভাই ভাই ইলেকট্রনিকস নামের একটি প্রতিষ্ঠানে ঘটে। রাতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সজিবুল ইসলাম পলাশ সোনাগাজী মডেল থানায় বাদী হয়ে অজ্ঞাতনামা ৬ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।

এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, পৌর শহরের মেইন রোড়ে অবস্থিত ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় ছয়জন ব্যক্তি জড়িত ছিল। তিন জন সড়কের পাশে পাহারা দেয়, একজন তালা কেটে দিলে দুই জন দুজন দোকানের ভেতরে প্রবেশ করে ব্যাগে মালামাল ভর্তি করে বেরিয়ে যায়। পরে তারা ব্যাগ বহন করে পথচারীদের সঙ্গে মিশে সিএনজিতে উঠে পালিয়ে যায়।

ব্যবসায়ী সজিবুল ইসলাম পলাশ বলেন, প্রতিদিনের মতো রাতে ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব শেষ করে দোকান বন্ধ করে বাসায় চলে যাই। কিন্তু সকালে এসে দোকানের তালা কাটা অবস্থায় দেখতে পেয়েছি। পরে দোকানের সিসি ক্যামেরার ফুটেজে সংঘবদ্ধ একটি চোরচক্র মালামাল লুট করতে দেখেছি। তবে তাদের কাউকে এখনো শনাক্ত করতে পারিনি। তারা দোকান থেকে ৪০০টির বেশি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন, ৫০টি সার্ভিসিংয়ের জন্য দেওয়া গ্রাহকের মোবাইল, ৫০টি হাত ঘড়ি ও ক্যাশবাক্সে থাকা নগদ প্রায় ৫ লাখ টাকা নিয়ে গেছে। সবমিলিয়ে আমার প্রায় কোটি টাকা ক্ষতি হয়েছে। এতো বড় আর্থিক ক্ষতি আমাদের কাটিয়ে উঠা কিছুতেই সম্ভব না।

বাজারের ব্যবসায়ীরা বলেন, সোনাগাজী পৌর এলাকার মেইন রোড়ে ব্যবসা প্রতিষ্ঠানটির অবস্থান। থানা থেকে দূরত্ব মাত্র ৩০০ মিটারের মত হবে, কিন্তু এমন জায়গায় চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

তারা ব্যবসায় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতে স্থানীয় প্রশাসনের প্রতি আহবান জানিয়ে দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানান।

সোনাগাজী বাজার বণিক সমিতির সভাপতি নুর নবী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। এটি অত্যন্ত দুঃখজনক ও পরিকল্পিত ঘটনা বলেই আমাদের ধারণা। বাজারের পাহারাদার ভোর ৬টা পর্যন্ত দায়িত্বে ছিলেন, কিন্তু চুরির ঘটনা ঘটে সকাল সাড়ে ৬টার দিকে। সম্ভবত বাইরের কোনো চোরচক্র এ ঘটনার সঙ্গে জড়িত। ভুক্তভোগী ব্যবসায়ীর সঙ্গে কথা হয়েছে। বাজারে চুরি প্রতিরোধে শিগগিরই কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

সোনাগাজী মডেল থানার ওসি বায়েজীদ হোসেন আকন বলেন, চুরির ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী থানায় একটি মামলা করেছেন। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্ত ব্যক্তিদের পুলিশ শনাক্ত করার চেষ্টা করছে।

থানার ৩০০ মিটার দূরত্বে চুরি প্রসঙ্গে জানতে চাইলে তিনি দাবি করেন, চুরির ঘটনা ভোরবেলায় ঘটে, তখন বাজারের নাইট গার্ড থাকে না এবং পুলিশ ধীরে ধীরে উইথড্র হতে থাকে। চোরচক্র সম্ভবত এ সুযোগ নিয়েছে।