প্রত্যাশা পূরণ করে দেশের দ্রুততম মানব হন ইমরানুর রহমান। কিন্তু জাতীয় স্টেডিয়ামে জল ঘোলা হয় সামার মিটের দ্রুততম মানবীকে নিয়ে। শিরিন না সুমাইয়া! নানা বিতর্কের পর অবশেষে সুমাইয়া দেওয়ানের মাথায়ই উঠেছে দ্রুততম মানবীর মুকুট। ২০২২ সালের জাতীয় অ্যাথলেটিকসের পর দ্বিতীয়বার দেশের দ্রুততম মানবী হলেন সুমাইয়া।
জাতীয় স্টেডিয়ামে মেয়েদের ১০০ মিটার শেষ হওয়ার পর প্রথমে শিরিনকে দ্রুততম মানবী ঘোষণা করা হলেও পরে বলা হয়, ফটোফিনিশে নাকি প্রথম হয়েছেন সুমাইয়া। শিরিন এই সিদ্ধান্তের প্রতিবাদ জানান আয়োজক অ্যাথলেটিকস ফেডারেশনের কাছে। তবে শেষ পর্যন্ত সুমাইয়াকেই বিজয়ী ঘোষণা করেন বিচারকরা।
১২.১৯ সেকেন্ড সময় নিয়ে এবার ১০০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জিতলেন সুমাইয়া। দ্বিতীয় হওয়া শিরিনের লেগেছে ১২.২১ সেকেন্ড। ১২.৪১ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হয়েছেন শরিফা খাতুন। তিনজনই বাংলাদেশ নৌবাহিনীর স্প্রিন্টার। ২০২২ জাতীয় অ্যাথলেটিকসে ১২.৩২ সেকেন্ড সময় নিয়ে দ্রুততম মানবী হয়েছিলেন সুমাইয়া। সে সময় তিনি ছিলেন বিকেএসপির শিক্ষার্থী।