সৈয়দ রেজাউল করীম

যদি পিআর না চান মতামতের জন্য গণভোটের ব্যবস্থা করেন

গণভোটের মাধ্যমে পিআর পদ্ধতি নির্ধারণের দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর)। গত ৫৩ বছরে যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে তার মাধ্যমে ফ্যাসিস্ট, খুনি ও চাঁদাবাজ তৈরি হয়েছে বলেও মনে করেন তিনি।

ইসলামী আন্দোলনের আমির বলেছেন, সিংহভাগ রাজনৈতিক দল পিআর পদ্ধতির (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) নির্বাচন চায়। এখানে চায় না যারা, এরা দেশের স্বার্থে নাকি ব্যক্তি বা দলের স্বার্থে— এটা কিন্তু আমরা জেনে ফেলেছি। যদি আপনারা না চান, জনগণের কাছে মতামতের জন্য পাঠিয়ে দেন, গণভোটের ব্যবস্থা করেন। কারণ সুজন (সুশাসনের জন্য নাগরিক) সাধারণ জনগণের কাছে মতামত চেয়েছিল। ৭১% মানুষ পিআরের পক্ষে তারা মতামত প্রকাশ করেছে।

শুক্রবার (২২ আগস্ট) রাজধানীর শাহবাগে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক ছাত্র সমাবেশে তিনি এসব কথা বলেছেন।

গত ৫৩ বছরে আমাদের দেশে সুষ্ঠু ধারার রাজনীতি প্রতিষ্ঠিত হয়নি উল্লেখ করে সৈয়দ রেজাউল করীম বলেন, ‘গত বছর জুলাই-আগস্টে যারা জীবন দিয়েছিল, পঙ্গু হয়েছিল— আমাদের সবার লক্ষ্য উদ্দেশ্য ছিল, দেশকে আমরা সুন্দরভাবে সাজাব। এই দেশটা সোনার দেশ হবে, টাকা পাচার হবে না, মায়ের কোনো সন্তানহারা হবে না, আর আয়নাঘর তৈরি হবে না, মিথ্যা মামলায় আর কোনো পরিবার ধ্বংস হবে না; এরকম একটা দেশ আমরা চেয়েছিলাম।’

‘কিন্তু দুঃখের সঙ্গে বলতে হয়, আজকে স্বার্থান্বেষী মহল-ক্ষমতালিপ্সু যারা রয়েছে— আবারও দেশটাতে অশান্তি তৈরি করার জন্য হীন স্বার্থের নকশা অনুযায়ী কাজ করছে’, বলেন তিনি।

এই পরিবর্তন আমাদেরই করতে হবে এমন আশাবাদ ব্যক্ত করে ইসলামী আন্দোলনের আমির বলেন, ‘তারা পিআর বুঝে না, খায় না মাথায় দেয়। আমি পরিষ্কার বলছি— ৯১টা দেশে পিআর রয়েছে। আপনারা বলছেন— ভঙ্গুর একটা সংসদ তৈরি হবে, এমন বিভিন্ন খোঁড়া যুক্তি। তাহলে যে দেশে পিআর পদ্ধতির নির্বাচন চলছে, কোনো দেশে কি এই যুক্তির মাধ্যমে পিআর বাদ দিয়েছে।’

‘বাদ তো দিলোই না বরং আরও নতুন নতুন দেশ পিআর পদ্ধতির নির্বাচনের মাধ্যমে সুন্দর একটা দেশ গড়ার প্রক্রিয়ায় তারা আগাচ্ছে,’ বলে উল্লেখ করে সৈয়দ রেজাউল করীম।

চরমোনাই পীর বলেন, ‘পরিষ্কারভাবে আমরা বলছি— অন্তর্বর্তী সরকারকে আপনার কমিটমেন্ট ছিল সংস্কার করবেন, খুনিদের বিচার দৃশ্যমান করবেন, তারপর আপনারা জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবেন। এখন পর্যন্ত মৌলিক সংস্কার আমরা দেখছি না, হয় নাই। আমরা দৃশ্যমান কোনো বিচার দেখি নাই, এটা দৃশ্যমান করতে হবে।’

সেই সঙ্গে বড় সংস্কারগুলোর শেষ করার দাবি জানিয়ে জানিয়ে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, ‘গত ৫৩ বছরে যে পদ্ধতির নির্বাচন হয়েছে— সেই নির্বাচনের মাধ্যমেই ফ্যাসিস্ট, খুনি, চাঁদাবাজ তৈরি হয়েছে; দেশের টাকা বিদেশে পাচার হয়েছে। এই নির্বাচন বাংলার জমিনে দেখতে চাই না।

হুঁশিয়ারি করে ইসলামী আন্দোলনের আমির বলেন, ‘আপনারা যেনতেন নির্বাচন করবেন, আবার চাঁদাবাজদের পুনর্বহাল করবেন, আবার আমাদের মায়ের কোল সন্তানহারা হবে— এটার বিরুদ্ধে কখনোই আমাদের মুখ থাকতে কথা বলা বন্ধ করব না।’