এফবিসিসিআইয়ের নির্বাচন বোর্ড পুনর্গঠন

দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) ২০২৫-২৭ সাল মেয়াদের নির্বাহী পরিষদ নির্বাচন পরিচালনা বোর্ড ও আপিল বোর্ড পুনর্গঠন করা হয়েছে। উচ্চ আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে এটি করা হয়েছে, বলে দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন, এফবিসিসিআইয়ের প্রশাসক মো. হাফিজুর রহমান। তিনি বলেন, উচ্চ আদালতের নির্দেশনা আগেই ছিল। যার ভিত্তিতে বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে গত বৃহস্পতিবার (২১ আগস্ট) আমরা বোর্ড পুনর্গঠন করে দিয়েছি।

জানা গেছে, হাইকোর্ট বিভাগের নির্দেশনার পর বাণিজ্য মন্ত্রণালয়ের অনাপত্তিপত্র এবং বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠনের মহাপরিচালকের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে নির্বাচন বোর্ড ও আপিল বোর্ড পুনর্গঠন করা হয়েছে।

এফবিসিসিআই জানিয়েছে, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবদুর রাজ্জাককে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এবং মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মুর্শেদা জামান ও মুস্তাফিজুর রহমানকে সদস্য করা হয়েছে।