দেশের বাজারে ভালো চাহিদা ও দাম থাকায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে কাঁচা মরিচের আমদানি বাড়িয়েছেন বন্দরের আমদানিকারকরা। বন্দর দিয়ে গতকাল এক দিনেই ২৯টি ট্রাকে ২৩৯টন কাঁচা মরিচ আমদানি হয়েছে। এত আমদানির পরেও ভারতে দাম বাড়তির কারণে দেশে দাম কমছে না বলে দাবি আমদানিকারকদের। এদিকে কাঁচা মরিচের দাম বাড়ায় বিপাকে পড়েছেন বন্দরে কাঁচা মরিচ কিনতে আসা পাইকাররা।
হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, স্থলবন্দর পূর্বে ৮ থেকে ১০ ট্রাক কাঁচা মরিচ আমদানি হলেও বর্তমানে সেই সংখ্যা বেড়ে ১৫ থেকে ২০ ট্রাক করে কাঁচা মরিচ আমদানি হচ্ছে। গত বৃহস্পতিবার এক দিনেই ২৯টি ট্রাকে ২৩৯ টন কাঁচা মরিচ আমদানি হয়েছে। আর গত ৬ দিনে ৭২টি ট্রাকে ৬১৮ টন কাঁচা মরিচ আমদানি হয়েছে। তবে আমদানি বাড়লেও দাম কমার পরিবর্তে বেশ কিছুদিন ধরেই একই রকম রয়েছে প্রতি কেজি ১৭০ থেকে ১৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।
হিলি স্থলবন্দরে কাঁচা মরিচ কিনতে আসা সিদ্দিক হোসেন বলেন, দেশীয় কাঁচা মরিচের সরবরাহ কম ও দাম বাড়তির কারণে আমি বগুড়া থেকে হিলি স্থলবন্দরে আমদানিকৃত কাঁচা মরিচ কিনতে এসেছি। বন্দর দিয়ে প্রচুর পরিমাণে কাঁচা মরিচ আমদানি হচ্ছে তারপরেও দাম কমছে না দাম চাইছে ১৮০ টাকা। সেই সঙ্গে ক্রেতা বেশি থাকার কারণেও আমদানিকারকরা দাম ছাড়ছে না। এত দাম দিয়ে কিনে নিয়ে আমরা তো বেচতে পারছি না। গতকাল কাঁচা মরিচ কিনে নিয়ে গেলাম ১৭০ টাকা কেজি দরে আর মোকামে বিক্রি করলাম ১২০ টাকা কেজিতে ৫০ টাকা করে নেই। এত দাম দিয়ে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে না এতে করে লোকসান গুনতে হচ্ছে আমাদের।