ঢাকায় ২৫-২৮ আগস্ট বিজিবি বিএসএফ বৈঠক

আগামী ২৫ থেকে ২৮ আগস্ট ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর মহাপরিচালক পর্যায়ের দ্বিবার্ষিক বৈঠক। গতকাল শুক্রবার এই তথ্য জানা গেছে।

জানা গেছে, বৈঠকে বিএসএফ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বাহিনীর মহাপরিচালক দলজিৎ সিং চৌধুরী। অন্যদিকে বিজিবির পক্ষে নেতৃত্ব  দেবেন মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। সম্মেলনে সীমান্তে অপরাধ দমন, বেড়া নির্মাণ, সীমান্তপরিকাঠামো উন্নয়ন, কোঅর্ডিনেটেড বর্ডার ম্যানেজমেন্ট প্ল্যান (সিবিএমপি) ও কনফিডেন্স বিল্ডিং মেজার্স (সিবিএমএস) বাস্তবায়নের মতো গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হবে। প্রতি ছয় মাস অন্তর দুদেশে পর্যায়ক্রমে এ ধরনের বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে চলতি বছরের ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি ভারতের রাজধানী নয়াদিল্লিতে সর্বশেষ মহাপরিচালক পর্যায়ের বৈঠক হয়েছিল।

উল্লেখ্য, ভারত-বাংলাদেশ সীমান্ত কর্তৃপক্ষ সম্পর্কিত যৌথ নির্দেশিকা (১৯৭৫) অনুযায়ী প্রশাসনিক বিষয় সমাধানে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে নিয়মিত যোগাযোগ রাখার সুপারিশ করা হয়েছে। সেই ধারাবাহিকতায় ১৯৭৫ সালের ডিসেম্বরে প্রথম এ ধরনের বৈঠক অনুষ্ঠিত হয়। পরে ১৯৯৩ সালের অক্টোবরে ঢাকায় অনুষ্ঠিত স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত হয়, বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের  বৈঠক প্রতিবছর দুবার অনুষ্ঠিত হবে।