নতুন ছবি ‘দ্য বেঙ্গল ফাইলস’-এর ট্রেলার মুক্তির পর সাম্প্রদায়িক উসকানির অভিযোগে বিদ্ধ ভারতীয় পরিচালক বিবেক অগ্নিহোত্রী! দেশ জুড়ে বইছে সমালোচনার ঝড়। ইতিহাস বিকৃত করার অভিযোগে বাঙালিরাও একজোট নির্মাতার বিরুদ্ধে। এবার ট্রেলারের একটি দৃশ্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা আলোচনায় মেতেছেন, যেখানে দেখানো হয়েছে একটি শিশু তার নাম ‘তৈমুর’ বলছে।
এই সংলাপেই যেন আগুনে ঘি পড়েছে। বলিউডের তারকা দম্পতি সাইফ আলি খান ও কারিনা কাপুরের ছেলের নাম তৈমুর হওয়ায়, অনেকেই ধরে নিয়েছেন এটি একটি সূক্ষ্ম কটাক্ষ। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে নানা তর্ক-বিতর্ক।
পরিচালক বিবেক অবশ্য বলেছেন অন্য কথা তার ভাষায় এটা ‘ব্যক্তিগত আক্রমণ নয়, ঐতিহাসিক বাস্তবতা।’
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি এক সাক্ষাৎকারে বিবেক অগ্নিহোত্রী এই প্রসঙ্গে বলেন, ‘আমার ছবির ট্রেলারে আমি সাইফ বা কারিনাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করতে চাইনি। তৈমুর নামটা শুধু তাদের ছেলের নয়, বিশ্বে বহু মানুষের এই নাম আছে। আমি শুধু একটি ঐতিহাসিক সত্য তুলে ধরতে চেয়েছি। আমার মনে হয়, কোনো ভারতীয়র তার সন্তানের নাম তৈমুর রাখা উচিত নয়।’
এর কারণ হিসেবে নির্মাতা বলেন, ‘তাসখন্দ ফাইলস’-এর শুটিংয়ের সময় আমি সমরখন্দে তৈমুরের স্মৃতিসৌধে গিয়েছিলাম। সেখানে লেখা ছিল ‘তিনি বিশ্বের সবচেয়ে ধনী সাম্রাজ্য দিল্লির সাম্রাজ্য জয় করেন’। ইতিহাস বলে, ক্ষমতার লোভে তৈমুর ব্যাপক হত্যালীলা ও ধর্ষণ চালিয়েছিল। তাই তিনি মহান হতে পারেন, কিন্তু আমার কাছে তিনি নন।’
সাইফ ও কারিনার প্রথম সন্তানের নামকরণের পর থেকেই এই নামটি নিয়ে নানা ধরনের বিতর্ক তৈরি হয়েছে। যদিও এই তারকা দম্পতি বারবার জানিয়েছেন যে, তারা নামটি একটি ঐতিহাসিক চরিত্র থেকে প্রভাবিত হয়ে নয়, বরং এর অর্থ (লোহা) পছন্দ করে রেখেছিলেন।