পুলিশ ও কারখানা কর্তৃপক্ষের আশ্বাসে অবরোধ তুলে নিয়েছেন রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে বিক্ষোভরত গার্মেন্টস শ্রমিকরা। শনিবার (২৩ আগস্ট) দুপুর ২টার দিকে তারা অবরোধ তুলে নেন।
এর আগে পূর্বঘোষণা ছাড়াই একটি কারখানা বন্ধ করে দেওয়ায় সকাল ১১টার দিকে পোশাকশ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে নাবিস্কো ও তিব্বত মোড় এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, ‘পশ’ নামের একটি গার্মেন্টস হঠাৎ করেই গত বৃহস্পতিবার বন্ধ করে দেওয়া হয়। এতে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে তিব্বত মোড়ে জড়ো হয়ে সড়ক অবরোধ করে।
শ্রমিকদের দাবি, যথাযথ নিয়ম মেনে কারখানা বন্ধের সিদ্ধান্ত নিতে হবে অথবা কারখানা পুনরায় চালু করতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে।
জানা গেছে, দুপুরের দিকে কারখানা কর্তৃপক্ষ ও পুলিশ-প্রশাসনের আশ্বাসে শ্রমিকরা অবরোধ তুলে নেন। আগামীকাল রবিবার বিকাল ৩টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে যৌথভাবে আলোচনায় বসবে গার্মেন্টস কারখানা কর্তৃপক্ষ, পুলিশ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা।