রাজধানীর তুরাগের উত্তরার ডিয়াবাড়ীতে মুন্সিবাড়ী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে তারারটেক ক্লাবকে ৯ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মুন্সিবাড়ী ফুটবল ক্লাব। শুক্রবার বিকেলে উত্তরা ১৫ নম্বর সেক্টর খেলার মাঠে এই ম্যাচ অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
মুন্সিবাড়ী ফুটবল ক্লাবের উদ্যোগে এই ফাইনাল খেলার আয়োজন করা হয়। প্রতি বছরের মতো ঘরোয়া ফুটবলের এটি ছিল পঞ্চম আসর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করেন তুরাগের ডিয়াবাড়ী নিমতলীরটেক জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো. সাইদুল ইসলাম।
এ ছাড়া আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিয়াবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম। খেলার উদ্বোধক ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, ক্রীড়ানুরাগী মো. বাবুল হোসেন ও মো. মোক্তার হোসেন। সার্বিক তত্বাবধানে ছিলেন ঢাকা উত্তর বারিধারা ক্লাবের খেলোয়াড় মো. মোহসীন নুকু। সঞ্চালক হিসেবে ছিলেন শিক্ষা ও ক্রীড়ানুরাগী মো. আব্দুল মোতালেব।
খেলায় মুন্সীবাড়ী ফুটবল দল ৯-০ গোলে তারারটেক দলকে পরাস্ত করে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি মো. সাইদুল ইসলাম বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন। এ সময় খেলার মাঠে বিপুল সংখ্যক ফুটবল প্রেমিক, খেলোয়াড় বৃন্দ ও দর্শক সমাগম ছিল চোখে পড়ার মতো।