‘ঢাকায় পাঠিয়ে দিলে আপত্তি নেই’ বাংলা ভাষা ইস্যুতে অমর্ত্য সেন

ভারতের বিভিন্ন রাজ্যে বাংলা ভাষীদের ওপর নির্যাতন ও সম্প্রতি কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাংলাদেশি আখ্যা দিয়ে মারধরের ঘটনায় প্রতিবাদ ও উদ্বেগ জানিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন।

শুক্রবার দেশটিতে ভাষাগত অসহিষ্ণুতা বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, বাংলায় কথা বলার কারণে পশ্চিমবঙ্গের কিছু মানুষকে বাংলাদেশে পাঠানো হচ্ছে এই সন্দেহে যে তারা নাকি সেখানকার বাসিন্দা।

এ প্রসঙ্গে রসিকতা করে তিনি বলেন, তারও সম্ভাবনা আছে যে তাকেও ঢাকায় পাঠিয়ে দেওয়া হতে পারে, যেখান থেকে তার পরিবারের শিকড়ের সূত্রপাত।

৯১ বছর বয়সী এই নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ‘ভারতের যুবসমাজ: তাদের প্রাপ্য সামাজিক সুযোগ’ শীর্ষক এক আলোচনায় বক্তব্য দিচ্ছিলেন। তিনি বলেন, ‘আমি পত্রিকায় দেখলাম, কেবল বাংলায় কথা বলার কারণে কাউকে বাংলাদেশে পাঠানো হয়েছে। এটা আমাকে কিছুটা চিন্তিত করেছে।’

রসিকতার ভঙ্গিতে তিনি, আমি ভেবেছিলাম ফরাসি ভাষায় কথা বলব… কিন্তু একটাই সমস্যা, আমি ফরাসি জানি না। আমাকে বাংলাদেশেও পাঠিয়ে দেওয়া হতে পারে, কারণ আমার পূর্বপুরুষের বাড়ি ঢাকা। আর এতে আমার তেমন আপত্তি নেই।

আলোচনার সময় তিনি স্নাতক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের একদল শিক্ষার্থীর সঙ্গেও কথা বলেন।