এশিয়া কাপে চ্যাম্পিয়ন হবে ভারত, শেবাগের ভবিষ্যদ্বাণী

আসন্ন এশিয়া কাপে ভারত চ্যাম্পিয়ন হবে, এমনটি মনে করছেন দলটির সাবেক ক্রিকেটার বিরেন্দ্র শেবাগ। তার বিশ্বাস, অধিনায়ক সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারত শিরোপার সবচেয়ে বড় দাবিদার।

শেবাগ বলেন, 'এই ভারতীয় দলে অভিজ্ঞতা আর তরুণদের দারুণ সমন্বয় হয়েছে। সূর্যর ভয়হীন নেতৃত্বে তারা আবারও এশিয়ায় চ্যাম্পিয়ন হবে।' শেবাগের মতে সূর্যকুমারের আক্রমণাত্মক মানসিকতা টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য আদর্শ। 'তার আক্রমণাত্মক খেলার ধরণ এই ফরম্যাটের সঙ্গে মানানসই। দল যদি একই মানসিকতা ধরে রাখতে পারে, তবে আমার কোনো সন্দেহ নেই ভারত ট্রফি জিতবে।'

আগামী ৯ সেপ্টেম্বর শুরু হবে আট দলের এশিয়া কাপ। গ্রুপ ‘এ’ তে ভারতের সঙ্গে আছে পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও ওমান।

ভারতের প্রথম ম্যাচ ১০ সেপ্টেম্বর দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। ১৪ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১৯ সেপ্টেম্বর আবুধাবিতে ওমানের বিপক্ষে।

সবশেষ ২০২৩ সালে এশিয়া কাপ হয়েছিল ওয়ানডে ফরম্যাটে, সেবার শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত। এর আগে টি-টোয়েন্টি ফরম্যাটেও এশিয়া কাপ জয়ের রেকর্ড আছে ভারতের। বর্তমানে টি-টোয়েন্টি ফরম্যাটে বিশ্ব চ্যাম্পিয়নও ভারত।